গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা ও মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, যে মতেরই হই না কেন, সবার আগে বাংলাদেশ-এই বিষয়টি মাথায় রাখতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে তার শৈশবের স্মৃতিবিজড়িত নানা বাড়িতে গিয়ে মায়ের কবর জিয়ারত শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ইসমাইল জবিউল্লাহ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা হবে, মতবিরোধ হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে দেশটা আমাদের সকলের। তাই বিশেষ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটাই চায়।
তিনি বলেন, সবার প্রতি আমাদের ম্যাসেজ হচ্ছে, দেশকে এগিয়ে নিতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দরকার। আমরা মিলে মিশে এ দেশের জন্য কাজ করতে চাই। আমরা যে মতেরই হই না কেন; আমাদের সকলের মাথায় থাকতে হবে সবার আগে বাংলাদেশ।
এ সময় জনগণের দীর্ঘদিনের দাবি ভুলুয়া নদী পুনঃখনন প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
মাস্টার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম, রামগতির সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।


