শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা ও এ দেশের নাগরিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।” ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা ও এ দেশের নাগরিক।
তিনি আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী যেসব পূজামণ্ডপ পরিদর্শন করেন, সেগুলোর মধ্যে রয়েছে নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।
মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পরিদর্শনকালে পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও দাবি তুলে ধরা হলে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।


