...|...|...

রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি: রিজভী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩১
Shares
দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির স্থান হবে না। যারা বাংলাদেশকে উপনিবেশ বানাতে চায় কিংবা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি একযোগে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে তাদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারী ও উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে এবং তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এই সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তিন প্রজন্মের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে কথা বলেছেন প্রধানমন্ত্রী। মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি-তর্কের মাধ্যমে সমস্যা সমাধান এবং একটি মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ফিলিস্তিনের পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়েও বিশ্বশক্তির প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী, যা বিশ্বজুড়ে মানুষের মনে প্রতিধ্বনি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন রিজভী।

পরবর্তীতে বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেট থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যাতে জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।