...|...|...

সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৩
Shares
দুর্বৃত্তদের গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

ছবি: টাইমস টুডে

রাজবাড়ী জেলা শহরে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর সজনকান্দা এলাকায় রতনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি এসে পিয়ারুলকে গুলি করে চলে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

তবে কী কারণে পিয়ারুলকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।