মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে তাদের মোটরসাইকেল ও সিরাপসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘরামি বাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন, মো. মিজানুর ও মো. রাজন হোসেন। তারা দুজনই চুয়াডাঙ্গার জীবননগর থানার উথলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী তুষার মাহমুদ জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হন ওই দুই ব্যক্তি। তাদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল এসকাফ সিরাপ পাওয়া যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।


