...|...|...

সারাদেশ

বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু

জি এম ছানাউল্লাহ, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৯
Shares
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু

ছবি: টাইমস টুডে

ভোলার সদর উপজেলার রাজাপুরে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত অভিযুক্ত যুবক আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার ভোররাতে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুরের বাসিন্দা আসিফকে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন হোসেন ম্যানেজার। এ নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আসিফকে ঘিরে ধরে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত আসিফের মা হালিমা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়েছে, সবই সঠিক। তাই বলে তাকে হত্যা করবে? আমি এ ঘটনার বিচার চাই।

স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের বলেন, আসিফ মাদকাসক্ত ছিলেন এবং এর আগে একাধিকবার জেল খেটেছেন। এদিকে আসিফের মৃত্যুকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।