...|...|...

সারাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তায় ৫৭ বিজিবির চার প্লাটুন সদস্য মোতায়েন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯
Shares
দুর্গাপূজায় নিরাপত্তায় ৫৭ বিজিবির চার প্লাটুন সদস্য মোতায়েন

পূজামণ্ডপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ছবি: টাইমস টুডে

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদমে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ইতোমধ্যে পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে কাজ করবে বিজিবি। এ ছাড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। একই সাথে সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে ৫৭ বিজিবি সনাতন ধর্মাবলম্বী সবার প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে।