আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে লেনদেন ও সংশ্লিষ্ট কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলার লেটার নম্বর ১৫-এ ব্যাংকগুলোর জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, আমদানি-রফতানি কার্যক্রমে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে হবে।
এ জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।


