...|...|...

জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪২
Shares
দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

গ্রাফিক্স: টাইমস টুডে।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্যের সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পুলিশ জানিয়েছে, মণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।

নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে ঢুকতে নিষেধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসাতে বলা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটও রাখার কথা বলেছে পুলিশ।

এ ছাড়া স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের সহজে শনাক্ত করতে আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।

পূজা উদযাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

আজান ও নামাজের সময় মসজিদের পাশের মণ্ডপে এবং বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।

স্থানীয় প্রশাসনের ঠিক করা স্থানেই বিসর্জন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে পুলিশ।

জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবার সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০। ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবি কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০৯। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯।

যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা টোল ফ্রি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে।

জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।