৩৬ বছর প্রবাসে কাটিয়েছেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের কষ্টের উপার্জনে দুই ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন বিদেশে, দুই মেয়েকেও বিয়ে দিয়েছেন। ভেবেছিলেন, জীবনের বাকি সময়টা কাটবে সন্তানদের সুখ-স্বাচ্ছন্দ্য দেখে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই তার সাজানো সংসার তছনছ করে দিল। একসাথে হারালেন দুই ছেলেকে। এখন বাড়ির উঠানে দুই সন্তানের নিথর দেহ, আর বুকভাঙা কান্নায় বারবার বলছেন, আমার দুই ছেলেকে এভাবে কেড়ে নিল কেন?
এই করুণ পরিণতি চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের মুহাম্মদ হারুনের (৬২) পরিবারে। গত বৃহস্পতিবার হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তার দুই ছেলে মুহাম্মদ ইফতেখারুল (৩২) ও মুহাম্মদ ইমতিয়াজ (৩০)। তাদের মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে হারুনের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে রাখা দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে দুই ছেলের লাশ। কখনো এক ছেলের লাশের কাছে যাচ্ছেন, কখনো অন্যজনের কাছে। সন্তানদের শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। স্বজনেরা তাকে সামলানোর চেষ্টা করছেন। অন্যদিকে দুই ছেলের লাশ বাড়িতে পৌঁছানোর পর থেকে মা হামিদা বেগম বারবার সংজ্ঞা হারাচ্ছেন।
হারুনের কাছে দুই ছেলের মৃত্যু যেন কিছুতেই বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না। পরিবারের সদস্যদের কাছে তিনি বারবার জানতে চাইছেন, কেন এমন হলো। তার কণ্ঠে শুধু সন্তান হারানোর হাহাকার।
হারুন দীর্ঘ ৩৬ বছর সৌদি আরবে ছিলেন। প্রায় আট বছর আগে দেশে ফেরেন। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেরাই ছিল ছোট। প্রবাসে উপার্জন করে বড় দুই মেয়েকে পড়াশোনা করিয়েছেন, বিয়ে দিয়েছেন। পাঁচ বছর আগে বড় ছেলে ইফতেখারুলের বিয়ে দেন। ছেলেরা বিদেশে প্রতিষ্ঠিত হওয়ায় সংসারে অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই কাটছিল তার দিন।
কিন্তু সেই সুখের সংসারে এখন শুধুই শোক। হারুন বলেন, জীবনের ৩৬টি বছর পরিবারের সুখ-শান্তির জন্য সৌদি আরব কাটিয়েছি। আমি সফলও হয়েছিলাম। ছেলেদের মানুষ করে বিদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছি। মেয়েদেরও বিয়ে দিয়েছি। অনেক আনন্দে আমার সময় কাটছিল। সবকিছু শেষ হয়ে গেল।
ইফতেখারুল সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ছিলেন। তার স্ত্রী ও চার বছর বয়সী এক ছেলে এবং চার মাস বয়সী এক মেয়ে রয়েছে। অন্যদিকে ইমতিয়াজ থাকতেন ওমানে। প্রায় তিন মাস আগে বিয়ের উদ্দেশ্যে দেশে এসেছিলেন তিনি। পরিবারের লোকজন তার জন্য পাত্রীও খুঁজছিলেন। নতুন সংসার শুরুর আগেই সব স্বপ্ন থেমে গেল।
একসাথে পথচলা, শেষ বিদায়ও পাশাপাশি
দুই ভাইয়ের সম্পর্ক ছিল বন্ধুর মতো। একসাথে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া কিংবা ছুটিতে দেশে আসা- সবকিছুতেই তারা ছিলেন একে অপরের সঙ্গী। এবারও বিদেশ থেকে একসাথে ছুটিতে এসেছিলেন। অথচ সেই ছুটি শেষ করে আর বিদেশে ফেরা হলো না তাদের।
শুক্রবার বংশাল গ্রামের মসজিদসংলগ্ন কবরস্থানে দুই ভাইয়ের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়। গ্রামের ২০ থেকে ৩০ জন মানুষ কবর খোঁড়ার কাজে অংশ নেন। দুই ভাইয়ের জন্য একইসাথে কবর খোঁড়ার দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে একই পরিবারের দুই ভাইয়ের একসাথে মৃত্যু ও পাশাপাশি দাফনের এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
দুই ভাইয়ের মামা মুহাম্মদ বাবুল ও মুহাম্মদ মাহিম ওমানে থাকেন। ভাগনেদের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে একটি ফ্লাইটে দেশে আসেন তারা। তাদের আসার অপেক্ষায় দুই ভাইয়ের লাশ ফ্রিজার অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল। বাড়িতে পৌঁছে ভাগনেদের লাশ দেখে তারাও সংজ্ঞা হারান। পরে স্বজনেরা তাদের শুশ্রূষা করেন।
শুক্রবার বেলা তিনটার দিকে স্থানীয় মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
শেষবারের মতো বন্ধুকে বিদায় জানাতে জানাজায় উপস্থিত ছিলেন ইফতেখারুলের বন্ধু মুহাম্মদ পারভেজ। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই মাসের শেষেই সংযুক্ত আরব আমিরাতে চলে যেতাম আমরা। কিন্তু তা আর হলো না। সে আমার ভাই ছিল, বন্ধু না।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


