প্রেম, বন্ধুত্ব, অভিমান আর পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘মন দুনিয়া’। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্যাপিটাল ড্রামার এই আয়োজন। মাত্র দুই দিনেই ইউটিউবে নাটকটি দেখেছেন এক কোটিরও বেশি দর্শক। দ্রুততম সময়ে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে রেকর্ড গড়েছে নাটকটি।
ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। প্রচারের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। দর্শকদের কাছ থেকেও মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া।
নাটকটির ইউটিউব মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘ভালোবাসার অসম্পূর্ণতাকে পূর্ণতা পাওয়ার লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন তৌসিফ ও তটিনী। বিশেষ করে আবেগের জায়গাগুলো খুব মন ছুঁয়ে গেছে।’ আরেক দর্শকের মন্তব্য, ‘দারুণ একটা নাটক। শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ফেরানো যায়নি।’
নাটকের গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির (তৌসিফ)। সেখান থেকেই সহপাঠী তুলির (তটিনী) সাথে তার বন্ধুত্বের শুরু। একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে গল্পে তৈরি হয় নতুন মোড়। রাতুলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি জানায়, সে ভালোবাসে আবিরকে।
কিন্তু বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি আড়াল করে তুলির কাছ থেকে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব। এর মধ্যে দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে আরও জটিল হয়ে ওঠে তাদের সম্পর্ক। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।
নিজের অভিনীত নাটকটির দ্রুততম সময়ে কোটি ভিউয়ের মাইলফলক অর্জন প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘আমি মনে করি, ভিউ অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একটা কাজ কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে দেখছেন এবং একটা প্রজেক্টকে কতটা ভালোবাসছেন, তার একটা প্রতিফলন এই সংখ্যাগুলোতে পাওয়া যায়। তাই ভিউয়ের গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে একই সাথে আমি এটাও বিশ্বাস করি, একটা কাজের সাফল্য শুধু ভিউ দিয়ে বিচার করা উচিত নয়। দিন শেষে গল্পটা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারল, চরিত্রগুলো কতটা আপন হয়ে উঠল, কিংবা দেখার পরও গল্পের কোনো অংশ দর্শকের মনে থেকে গেল কি না—আমার কাছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই এই অর্জন উদ্যাপন করার মতো। তবে আমি চাই, এই সাফল্য যেন আমাদের আত্মতুষ্টির কারণ না হয়ে বরং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে। কারণ দিন শেষে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা দর্শকদের জন্য কেমন কাজ রেখে যেতে পারছি। এই অর্জনের জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি পুরো টিমের প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা, যাদের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি এত মানুষের কাছে পৌঁছেছে।’
জীবনঘনিষ্ঠ সংলাপ, বন্ধুত্বের বোঝাপড়া, ভালোবাসার টানাপড়েন এবং পারিবারিক বাধার নানা দিক উঠে এসেছে ‘মন দুনিয়া’ নাটকে। আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় এতে তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
দর্শকদের বিপুল সাড়া ও কোটি ভিউয়ের এই অর্জনে ‘মন দুনিয়া’ ছোট পর্দার সাম্প্রতিক আলোচিত নাটকগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।


