আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন। রবিবার (১৯ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছান তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএলও মহাপরিচালক। এ বৈঠকে শ্রম অধিকার, কর্মপরিবেশের উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলবার্ট হোংবো। এ সময় বাংলাদেশ ও আইএলওর চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনের ফাঁকে আইএলও মহাপরিচালকের সাথে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা কামনা করেন।
জবাবে গিলবার্ট হোংবো বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার দীর্ঘদিনের অংশীদারত্বেরও প্রশংসা করেন তিনি।


