কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর চাঁদপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের কদমতলা এলাকার ডা. দীপু মনির বাসার একটি পরিত্যাক্ত কক্ষে এবং রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথকভাবে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে, কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে চাঁদপুর শহরের দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে সদর উপজেলার ফরাক্কাবাদে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
অপরদিকে, সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানান তিনি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত হয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেননি তিনি।


