বরগুনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল, মহাসড়কে বাস ভাঙচুর, সড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজার প্রত্যক্ষ নির্দেশনা এবং সহসভাপতি সবুজ মোল্লা, সাইফুল ইসলাম সাগরের নেতৃত্বে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তদের ফেসবুক পোস্টে দেখা যায়, গত কয়েকদিন ধরে বরগুনার বিভিন্ন পয়েন্টে গোপনে সংগঠিত হয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটানোর পাঁয়তারা চালাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বরগুনার আমতলী পাড় এলাকায় সবুজ মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মশাল মিছিল বের করা হয়। মিছিলটি থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ ছাড়াও একই তাণ্ডব ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ছড়িয়ে পড়ে। মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল আটকে দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অন্তত কয়েকটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি আরও উত্তপ্ত করতে বরগুনা মাছ বাজারের সামনে একটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মাঝে দৌড়াদৌড়ি ও ত্রাসের সৃষ্টি হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তার আগেই পিছু হটে হামলাকারীরা।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত হাসনাইন পারভেজ জানান, শুধুমাত্র মাছ বাজার এলাকায় একটি বিকট শব্দ হয়েছে। এ ছাড়া, বরগুনাসহ আশেপাশের জন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা আছে। বিশৃঙ্খল কোনো ঘটনা আজ ঘটেনি। হয়তো পুরনো ভিডিও দিয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।
এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার কুদরত ই খুদা জানান, অল্প কয়েকজন লোক মহাসড়কের আশপাশের ধান ক্ষেত, অথবা জঙ্গলে লুকিয়ে থাকে। তারা হঠাৎ করে মিছিল করে গাড়ির সামনে এসে গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা বরগুনায় ঘটেনি। বরগুনা জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সার্বক্ষণিক মাঠে আছে।


