প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মো. আশরাফুল হাসান তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, সোনা ও হীরার প্রকৃত উৎস উদঘাটন, এর সাথে জড়িত অন্যদের শনাক্ত এবং অর্থ পাচারের পরিধি নির্ধারণের জন্য তাকে জিজ্ঞাসাবাদ জরুরি।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুল রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিলীপ আগরওয়ালের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালা দীর্ঘদিন ধরে সোনা ও হীরার ব্যবসার আড়ালে চোরাচালান ও অর্থ পাচারের সাথে জড়িত। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির মধ্যে এলসির মাধ্যমে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার সোনা ও হীরা আমদানি করা হয়। অথচ একই সময়ে স্থানীয় বাজার থেকে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা সংগ্রহ করে তার কোম্পানি।


