...|...|...

সারাদেশ

দায়িত্বে বসিয়েছে দল, বাইরের কাউকে অনুদান দেব না: চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
দায়িত্বে বসিয়েছে দল, বাইরের কাউকে অনুদান দেব না: চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক

চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির সংসদ সদস্যপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের একটি বক্তব্য নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, জনগণের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেবেন এবং দলের বাইরে জেলা পরিষদ থেকে কোনো অনুদান দেওয়া হবে না।

গত ৩ অক্টোবর বিকেলে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা নির্বাচিত প্রতিনিধি না। এই এলাকার জনগন আমাদের চায় না। দল আমাদের দায়িত্বে বসিয়েছে। এজন্য আমরা এলাকার মানুষের চেয়ে দলের প্রাধান্য বেশি দেব৷ দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।

চুয়াডাঙ্গা-১ আসনে সংসদ সদস্য নির্বাচনে ৬০ হাজারের বেশি ভোটে পরাজিত বিএনপির প্রার্থী ছিলেন শরীফুজ্জামান শরীফ। পরবর্তীতে দলীয় কোটায় তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের দায়িত্বে আসেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।