আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা দলের সাথে মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের কখনো ক্ষমা করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সাথে তিনি জানান, দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তার পেছনেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে; এই সিদ্ধান্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে সে দল থেকেই ছিটকে পড়বে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী একটি নির্দিষ্ট ফর্মুলা দেবেন যে কীভাবে কাজ করতে হবে। তবে দলের ভেতরের শৃঙ্খলা রক্ষা করা জরুরি। প্রতিটি ইউনিয়নের সার্বিক রিপোর্ট সরাসরি প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে সংগৃহীত থাকবে। ফলে দল নির্বাচনে জয়ী হওয়ার মতো যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকেই (উইনিং ক্যান্ডিডেট) বেছে নেবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে দল যদি জয় লাভ করতে না পারে, তবে বড় নেতা হয়েও কোনো লাভ নেই। আজকে বিএনপি ক্ষমতায় না এলে আমি যত বড় নেতাই হই না কেন, তাতে কিছুই যাবে-আসবে না। তাই আপনার পছন্দের ব্যক্তি জিততে পারবে না জেনেও তাকে সমর্থন দেওয়া যাবে না। বিজয়ী হতে পারবে এমন প্রার্থীকেই আমাদের প্রাধান্য দিতে হবে।’
দলের প্রতি আনুগত্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘দল আমাদের সবার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি বেইমানি করে বা বিকল্প কিছু করার চেষ্টা করে, তবে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’
এ সময় শৈলকুপার স্থানীয় পরিস্থিতির প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধের যে নীতি গ্রহণ করেছি, শৈলকূপায় তা বাস্তবায়িত হয়েছে। আপনারা যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজ পুরো বাংলাদেশ আমাদের সেই পথ অনুসরণ করছে।’


