দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে গাড়ি ছিনতাইয়ের সময় নদীম হোশেন (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধারে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে আবেদন জানিয়েছে দেশটির পুলিশ। পাশাপাশি অপহরণকারীরা ৩০ লাখ র্যান্ড বা প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সানডে ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানায় যে, গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ভিলিয়ার্স এলাকার পিয়ারসন ও মেইন স্ট্রিটের কোণায় নিজের নিসান কাশকাই গাড়িতে বসে থাকা অবস্থায় নদীম হোশেনকে অপহরণ করা হয়।
অভিযোগ রয়েছে, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নদীমের কাছে এসে তার গাড়িটি ছিনতাই করে এবং তাকে গাড়িতে রেখেই দ্রুত পালিয়ে যায়। ঘটনার প্রায় ৫ কিলোমিটার দূরে নিসান কাশকাই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও নদীমের কোনো সন্ধান মেলেনি এবং তার বর্তমান অবস্থান এখনও অজানা রয়েছে।
মুক্তিপণ দাবি ও পুলিশের তদন্ত
পুলিশ জানায়, এর পরদিন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অপহরণকারী সন্দেহে ব্যক্তিরা ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করে এবং তার মুক্তির জন্য ৩০ লাখ র্যান্ড মুক্তিপণ দাবি করে।
এই ঘটনার পর প্রভিন্সিয়াল সিরিয়াস অ্যান্ড ভায়োলেন্ট ক্রাইমস ইউনিট গাড়ি ছিনতাই ও অপহরণের অভিযোগে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজনরা একটি সাদা রঙের টয়োটা করোল্লা, একটি ভিডব্লিউ পোলো ক্ল্যাসিক অথবা একটি সুজুকি ডিজায়ার গাড়িতে করে যাতায়াত করছে পারে।
অপহরণের এই ঘটনা বা নদীমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা অবিলম্বে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।


