...|...|...

বিশ্ব

থাইল্যান্ডে ভিড়ল মার্কিন রণতরী: নাবিকরা যা করতে পারবেন, যা পারবেন না

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৬
Shares
থাইল্যান্ডে ভিড়ল মার্কিন রণতরী: নাবিকরা যা করতে পারবেন, যা পারবেন না

ছবি: সংগৃহীত

টানা ২৮৬ দিন সাগরে কাটানোর পর বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে ভিড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা বহনকারী এই রণতরীটি আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবে।

দীর্ঘ সামরিক অভিযানের পর ক্রুদের বিশ্রাম ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্যই এই যাত্রাবিরতি। থাই কর্মকর্তারা জানিয়েছেন, সফরের সাথে মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সম্পর্ক নেই।

রয়টার্স জানায়, গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে প্রথমে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছিল লিংকনকে। পরবর্তীতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও নৌ অবরোধে অংশ নিতে এটিকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয়।

দীর্ঘ মেয়াদি মিশন শেষে ক্রুদের পূর্ণাঙ্গ বিশ্রামের অংশ হিসেবে রণতরিটি থাইল্যান্ডে এসেছে। লিংকনের সঙ্গে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন জুনিয়র এবং ইউএসএস রবার্ট স্মলস নামে আরও দুটি মার্কিন যুদ্ধজাহাজও এসেছে।

সফর চলাকালে মার্কিন সেনাসদস্যদের একটি বড় অংশ থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় অবস্থান করবেন। ভিয়েতনাম যুদ্ধের পর থেকেই মার্কিন সেনাদের অবসর বিনোদনের প্রিয় গন্তব্য হিসেবে পরিচিত এই শহর। সেনাসদস্যদের যাতায়াতে অন্তত ৪০টি বাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। 

পাশাপাশি তারা যাতে কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে প্রতারিত না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে।

তবে শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন ও নৌবাহিনী কর্তৃপক্ষ।

ভ্রমণকালে সেনাসদস্যদের ক্যানাবিস বা গাঁজাজাতীয় দ্রব্য সেবন, ওয়াটার বাইক ও বাঞ্জি জাম্পিংয়ের মতো ঝুঁকিপূর্ণ জলক্রীড়া এবং নির্দিষ্ট কিছু নাইটলাইফ এলাকায় যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।