ত্রিভুজ প্রেমের জেরে রাজধানীর মোহাম্মদপুরে এক প্রবাসীকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় শান্ত ও বিল্লাল নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান।
যুবককে কুপিয়ে আহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানা মামলা দায়ের করে। মামলায় মোহাম্মদপুরের কিশোরগ্যাং চক্রের চার সদস্যের নাম উল্লেখ করা হয়। তার হলেন— মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও গাঢ়কাটা সাইফুল। এছাড়াও, কয়েকজনে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে ইতোমধ্যে দুইজন কিশোরগ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এ ছাড়া এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার নেপথ্যে মূলত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন কাজ করেছে। আসামিদের গ্রেফতারের পর আমরা জানতে পারি, আহত প্রবাসী লস্কর হৃদয় কয়েক বছর আগে মোসা. হাফসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর ‘ক্যাপ্টেন মুন্না’ নামে এক কিশোর গ্যাং লিডারের সাথে হাফসার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হাফসা মুন্নার সাথে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন।
তিনি বলেন, এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। তবে দেশ ছাড়লেও হাফসার সাথে তার যোগাযোগ ও গোপন সম্পর্ক অব্যাহত থাকে। বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হাফসার সাথে কথা বলতে নিষেধ এবং নানা রকম হুমকি দেন। তা সত্ত্বেও, তারা যোগাযোগ বজায় রাখেন।
এডিসি আরও জানান, সম্প্রতি হৃদয় ছুটি কাটাতে দেশে ফেরেন। এই খবর পেয়ে গত সোমবার মুন্না তাকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। দেশে আসার মাত্র তিন দিনের মাথায় এ হামলার শিকার হন হৃদয়।


