সরকারি চাকরিজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নিয়মে বড় পরিবর্তন আনছে তামিলনাড়ু সরকার। নতুন নীতি অনুযায়ী, এখন থেকে প্রথম ও দ্বিতীয় সন্তানের মতো তৃতীয় সন্তানের ক্ষেত্রেও সরকারি নারী কর্মচারীরা পাবেন ৩৬৫ দিনের বা এক বছরের মাতৃত্বকালীন ছুটি।
এর আগে তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছিল মাত্র ১২ সপ্তাহ বা ৮৪ দিন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তিন সন্তানের ক্ষেত্রেই সমান সুযোগ-সুবিধা পাবেন সরকারি নারী কর্মীরা।
রাজ্য সরকারের দাবি, নারীদের কর্মজীবন ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিধানসভায় নীতি উপস্থাপনের পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা নিয়ে যে সচেতনতা চালানো হচ্ছে, নতুন সিদ্ধান্ত তার সাথে সাংঘর্ষিক হতে পারে।
এদিকে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি রাজ্যের বিধায়কদের জন্যও বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধা। ২৩৪ জন বিধায়ককে নিজ নিজ এলাকায় জনসংযোগ ও উন্নয়নমূলক কাজ তদারকির জন্য সরকারি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গাড়ির রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের বেতনের জন্য প্রত্যেক বিধায়ক পাবেন মাসে ৭৫ হাজার রুপি বিশেষ ভাতা। পাশাপাশি দাফতরিক কাজ পরিচালনার জন্য ব্যক্তিগত সহকারী বা সচিব নিয়োগে দেওয়া হবে আরও ২৫ হাজার রুপি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ আর্থিক পটভূমি থেকে উঠে আসা তরুণ ও নতুন বিধায়কদের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতেই এসব সুবিধা বাড়ানো হয়েছে।


