...|...|...

জাতীয়

কপ-৩১ সম্মেলন

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭
Shares
তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা প্রতিনিধিদলে রয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

২০ নভেম্বর পর্যন্ত চলা এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা ও কার্বন নিঃসরণ হ্রাসের ওপর জোর দেওয়া হচ্ছে।