তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সামা টিভির খবরে বলা হয়েছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল এস-৭০ মডেলের একটি সামরিক হেলিকপ্টার। সন্ধ্যার দিকে সেটি সামানকয় এলাকায় বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারে থাকা আমাদের চার বীর সহযোদ্ধা শহীদ হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।


