...|...|...

জাতীয়

তাহসিফের লাশ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৮
Shares
তাহসিফের লাশ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

ছবি: সংগৃহীত

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার মোটরসাইকেল। এ ঘটনায় তাহসিফের সাথে সর্বশেষ বাসা থেকে বের হওয়া বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল মোটরসাইকেল উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, যেখান থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়েছিল, তার প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। তবে পিবিআই সদর দফতরের আরেক পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মোটরসাইকেলটি কার, তা যাচাই করা হচ্ছে। তদন্তে নৌপুলিশকে সহায়তা করছে পিবিআই।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফের লাশ বুধবার বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান।

তবে দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব প্রকাশ করতে চাননি তিনি।

তাহসিফের বাবা এনায়েতুল করিমের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পাওয়ার পর বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে একটি বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন।

তবে বার্তাটি পাঠানোর সময় তাকে ব্যস্ত মনে হয়েছিল বলে জানান তার বাবা। এরপর থেকে তাহসিফের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।