...|...|...

জাতীয়

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, দীপকে দেখানো হলো গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৩
Shares
তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, দীপকে দেখানো হলো গ্রেফতার

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, দীপকে দেখানো হলো গ্রেফতার। ছবি: টাইমস টুডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তার বাবা এনায়েতুল করিম। রাজধানীর উত্তরখান থানায় করা এ মামলায় তাহসিফের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ শনিবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পিবিআই সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সাথে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। এ কারণে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় গত শুক্রবার পিবিআইয়ের একটি দল দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায়। তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলারের আশপাশে কী ঘটেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের কাছে ঘটনার রাতের বিষয়ে নিজের বক্তব্যও তুলে ধরেন দীপ। তার ভাষ্য অনুযায়ী, সেদিন রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কথাবার্তা চলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। ধাওয়াকারীদের মধ্যে দুজনের পরনে পুলিশের পোশাক ছিল বলে দাবি করেন তিনি।

দীপের দাবি, ওই ব্যক্তিদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি তুরাগ নদে ঝাঁপ দেন। অন্যদিকে দীপ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।