তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
রবিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিশ্বজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্বচ্যাম্পিয়ন দলটি বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের তৈরি আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সাফল্য দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, তরুণরা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রী রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়ার কথা জানান।
এমআইএসটির শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জানান, পড়াশোনা শেষে তারা প্রযুক্তি খাতে কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন কিছু করতে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
অর্থনীতিকে আরও গতিশীল করতে সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস খাতকে এগিয়ে নিয়ে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার।
বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ খাতের উন্নয়নে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের দল রানার্স-আপ এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান অর্জন করে।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিশ্বজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।


