তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সরকার উঠে-পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। একই সাথে মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং মাদক ব্যবসার শীর্ষ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব অভিযোগ করেন শিবির সভাপতি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অসংখ্য ছাত্রদল নেতাকর্মী মাদক মামলায় গ্রেফতার হয়েছেন। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ থাকা সত্ত্বেও তা বন্ধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সরকার সুকৌশলে আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে উঠে-পড়ে লেগেছে।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


