...|...|...

ক্যাম্পাস

ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৮:২৮
Shares
ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

ঢাবি ছাত্রদলের সহযোগিতায় ‘ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত

ঢাকা শহর পরিষ্কার করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি আরও জানান, তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে এবং আমরা তাতে সম্মতি দিয়েছি।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় ‘ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
‎
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আমাদের দেশ আমরা পরিষ্কার রাখতে পারছি না এটা কষ্টের বিষয় এবং দুঃখজনক। বহির্বিশ্বও জানে বাংলাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আসলে সেই মাত্রায় নেই এটা আমাদের খুবই দুর্ভাগ্য। 

উপাচার্য আরও বলেন, ‘আমরা চাই আমাদের সব জায়গাই পরিষ্কার থাকবে, নিজেরাই এগুলো পরিষ্কার রাখবো। অন্যের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের জায়গাগুলো নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।’

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. এ বি এম ওবায়দুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীরা অনেক সময় রুমে খাবার এনে উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।’

পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ উল্লেখ করে উপাচার্য বলেন, পরিচ্ছন্নতার বোধ মানুষের ভেতর থেকেই তৈরি হতে হবে। শুধু এক দিনের জন্য নয়, বছরের ৩৬৫ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।