ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীতে নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রুহুল আমিন ভূইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
তবে কোন অভিযোগে বা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রেফতারের পর তাকে কোথায় রাখা হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ঢাকায় রুহুল আমিন ভূইয়া গ্রেফতার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে গ্রেফতারের কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

