ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-১১। এতে যাত্রীরা স্বস্তিতে বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৮ মার্চ) সাইনবোর্ড এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে গ্রামের বাড়ি যেতে পারেন, সে জন্য মহাসড়কে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ। এই রুটে যাত্রীদের যেন মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী বা চাঁদাবাজদের শিকার হতে না হয়, সে লক্ষ্যেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মহাসড়ক যানজটমুক্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
র্যাব জানায়, কাঁচপুর, মেঘনা ব্রিজ, মদনপুর, দাউদকান্দি ও কুমিল্লা সদরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আবাসিক এলাকাগুলোতেও মোবাইল পেট্রোলিং চলবে।
র্যাবের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন।
ঈদ ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১১।

