আবুধাবি থেকে বাংলাদেশে আনা সোনার ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি সোনার ডিম উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
রবিবার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে অফলোড করা হয়। পরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় তিনটি সোনার ডিম উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি সোনার ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসব সোনার ডিমের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
এনবিআরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সোনার ডিমগুলো এর আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
দুই অভিযানে উদ্ধার হওয়া ছয়টি সোনার ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা সোনার প্রকৃত উৎস, ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


