চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে আগামী ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।
ঢাকা ও কুয়ালালামপুরের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন আনোয়ার ইব্রাহিম। দুই দিনের সফর হলেও ঢাকায় তার অবস্থান হবে সংক্ষিপ্ত। সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা তিনি ঢাকায় থাকতে পারেন। ঢাকা সফর শেষে তার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনেও যান। তারেক রহমানের কুয়ালালামপুর সফরের প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই বছরের ব্যবধানে এটি আনোয়ার ইব্রাহিমের দ্বিতীয় ঢাকা সফর। কূটনৈতিক সংশ্লিষ্টরা একে ঢাকা ও কুয়ালালামপুরের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন।
সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন মালয়েশিয়া, এখন উনি আসবেন (আনোয়ার ইব্রাহিম) বাংলাদেশে। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এ সফরে তার একটা ফলোআপ আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া, দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা তো হবেই।’
জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা-সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ-সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।
এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরেও দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, আনোয়ার ইব্রাহিমের সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন। আমরা আশা করছি, এ সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হবে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার একটা ভালো সম্পর্ক। যার কারণে আমাদের প্রধানমন্ত্রী গেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন। আশা করছি, সফরে ভালো কিছুই হবে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সফর-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। আনোয়ার ইব্রাহিমের সফরে শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সরকারের কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, ‘মালয়েশিয়া আমাদের জন্য একটি বড় বাজার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। দেশটির কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাবেন। ইতোমধ্যে তাদের বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারিভাবে কর্মী যাওয়া শুরু হলে পরে বেসরকারিভাবেও কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার আবারও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। দুই বছরের ব্যবধানে আবারও ঢাকায় আসছেন তিনি।


