পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা বাংলাদেশের দর্শকদের মধ্যে দিন দিন বাড়ছে। বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের জুটি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এবার সেই ভক্তদের জন্য সুখবর, বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান।
চার দিনের সংক্ষিপ্ত সফরে আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই অভিনেতার। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে তার এই সফর। এ আয়োজনে অংশ নেওয়ার মাধ্যমে ভক্তদের সামনে সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ পাবেন তিনি।
রাজধানীর গুলশান-১-এ অবস্থিত গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এই আয়োজন। এতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, লাইফস্টাইল, বিয়ের সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের খাবার প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে।
আয়োজনটি ৪ নভেম্বর শুরু হলেও বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে এই তিন দিনের মধ্যে নির্ধারিত সময়ে মেলায় গেলে ভক্তদের প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ হতে পারে।
বিলাল আব্বাসের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রিয় অভিনেতাকে সরাসরি দেখার আশায় অনেকেই অপেক্ষা করছেন। তার উপস্থিতি ঘিরে প্রদর্শনীতে দর্শকদের বাড়তি সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


