ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যাতেও রাজধানীতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এর ধারাবাহিকতায় সকালেও আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং বুধবার (১১ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।


