...|...|...

রাজধানী

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৬
Shares
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এ পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পৌনে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৯। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের তালিকায় ২২৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ছিল সৌদি আরবের রিয়াদ। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭২। ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। এ ছাড়া ভারতের মুম্বাই ১৬১ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে বায়ুতে থাকা পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রা বিবেচনা করা হয়।

২০১৯ সালে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।