...|...|...

সারাদেশ

ঢাকার পোশাক কারখানা ছেড়ে গ্রামে ফিরে শতাধিক নারীর কর্মসংস্থান করলেন দম্পতি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩০
Shares
ঢাকার পোশাক কারখানা ছেড়ে গ্রামে ফিরে শতাধিক নারীর কর্মসংস্থান করলেন দম্পতি

কারখানায় কর্মরত শ্রমিকরা। ছবি: টাইমস টুডে

একসময় কাজ করার আগ্রহ থাকলেও সুযোগ ছিল না। সংসারে বাড়তি আয় করার ইচ্ছা থাকলেও উপায় না থাকায় ঘরেই কাটত দিনের বেশির ভাগ সময়। কেউ জানতেন সেলাইয়ের কাজ, কেউ কাপড় কাটতে, আবার কারও ছিল নতুন কাজ শেখার প্রবল আগ্রহ। এমন কর্মহীন নারীদের জন্য আশার আলো হয়ে উঠেছে একটি ক্ষুদ্র পোশাক কারখানা।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী পাগলার চওড়া এলাকায় স্বামী-স্ত্রীর যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই কারখানা। নিজেদের বসতবাড়িতে প্রতিষ্ঠিত কারখানাটিতে সরাসরি কাজ করছেন স্থানীয় শতাধিক নারী। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে পোশাক তৈরির নানা কর্মযজ্ঞ। কেউ কাপড়ে রং করছেন, কেউ কাটছেন কাপড়, আবার কেউ আঁকছেন পোশাকে নান্দনিক নকশা।

কারখানাটির উদ্যোক্তা আসাদুল হাবিব ও শিউলি বেগম দম্পতি। তারা জানান, চার-পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে ঢাকায় পাড়ি জমান। সেখানে পোশাক তৈরির কাজ করে আয় করতেন তারা। তবে গ্রামের প্রতি টান থেকে বেশিদিন ঢাকায় থাকতে পারেননি। পরে নিজ গ্রামে ফিরে এসে নতুন কিছু করার উদ্যোগ নেন।

নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি এলাকার বেকার নারীদের কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে অল্প পুঁজিতে শুরু করেন পোশাক তৈরির কাজ। ধীরে ধীরে তাদের উদ্যোগ বড় হয়েছে। ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও বেশি নারীকে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের।

আসাদুল হাবিব ও শিউলি বেগম জানান, প্রথমে স্বামী-স্ত্রী দুজন মিলে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে কাজের পরিধি বেড়েছে। এখন তাদের কারখানায় প্রায় শতাধিক নারী কাজ করছেন। এখানে জামা, ওড়না, থ্রিপিসসহ নারীদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয়। দেশের বিভিন্ন শহরের মার্কেট থেকে এসব পোশাকের অর্ডার আসে। পরে সেগুলো সরবরাহ করা হয়।

কারখানায় কাজ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় নারীরা। শ্রমিক মনজু বেগম বলেন, আগে কাজের জন্য রোদে পুড়তে হয়েছে, বৃষ্টিতে ভিজতে হয়েছে। কখনো কাজ পেয়েছি, কখনো পাইনি। এখন নিজের এলাকার এই কারখানায় কাজ করে সংসার ভালোভাবে চলছে।

আরেক নারী শ্রমিক নাসিমা আক্তার বলেন, আগে আমরা ঘরেই বসে থাকতাম। এখন এই কারখানার কাপড়ে বুটিকের কাজ করি, চুমকি লাগাই। এসব কাজের জন্য কারখানায় যেতে হয় না। নিজের ঘরে বসেই কাজ করি। কাজ শেষ হলে কারখানায় জমা দিয়ে আসি। নিজ এলাকায় থেকে ঘরে বসে আয় করার ভালো একটা সুযোগ পেয়েছি।

ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম বলেন, আমাদের অবহেলিত এলাকায় এমন একটি ক্ষুদ্র পোশাক কারখানা গড়ে ওঠা আনন্দের বিষয়। এখানে কাজ করে অনেক বেকার নারী তাদের পরিবারের আয়ে অবদান রাখতে পারবেন। আমরা চাই, সরকার এ ধরনের ক্ষুদ্র কারখানার দিকে নজর দিক এবং এগুলো বৃহৎ পরিসরে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র পোশাক কারখানা গড়ে তুলে বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত ভালো উদ্যোগ। এ ধরনের কারখানার উদ্যোক্তারা আমাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করা হবে।