...|...|...

রাজশাহী

ডেঙ্গু প্রতিরোধে কোদাল হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
ডেঙ্গু প্রতিরোধে কোদাল হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি

কোদাল হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মোশারফ হোসেন। ছবি: টাইমস টুডে

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় বিশেষ অভিযান শুরু হয়েছে। ব্যতিক্রমী এ অভিযানে সরাসরি অংশ নিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর এমপি মোশারফ হোসেন নিজ হাতে কোদাল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। একইসাথে ফগার মেশিন দিয়ে মশক নিধনে কীটনাশক ছিটান এবং কাঁধে ঢোল নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন।

অভিযান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, একইসাথে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধনে ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

অভিযানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট ও গার্লস গাইডের সদস্যদের অংশগ্রহণে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।