দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি দুজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন।

