দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫৮ জন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া বরিশাল বিভাগে ২৬০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে খুলনা বিভাগে ২৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১ হাজার ৫৯৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৬৯৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৪৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।
২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ বছর ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন।
আর ২০২৩ সালে ডেঙ্গুর পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই সময়ে এ রোগে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।


