...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯ জন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৯
Shares
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯ জন

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে দুজন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে ভর্তি হয়েছেন দুজন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ মোট ১৭৯ জন মারা গেছেন।

এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।