...|...|...

রাজনীতি

ডিসেম্বর ঘিরে তৃণমূল নেতাদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৩
Shares
ডিসেম্বর ঘিরে তৃণমূল নেতাদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। একই সাথে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা।

গত বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সাথে পৃথক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে দলের সাংগঠনিক অবস্থান, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। একই সাথে সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে খুলনা ও ফরিদপুর বিভাগের জেলা সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সভায় অংশ নেওয়া খুলনা বিভাগের এক নেতা বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের বিষয়টি সভায় তুলে ধরা হয়। ওই সময় শেখ হাসিনা খালেদা জিয়াকে এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য করেছিলেন বলেও সভায় উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল পালন করেছিল বলে সভায় তুলে ধরা হয়। এ ছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে লগি-বইঠার তাণ্ডব, বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগসহ নানা সহিংস কর্মকাণ্ডের বিষয়েও আলোচনা হয়।

ওই নেতা আরও বলেন, সভায় বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তবে আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের সর্বত্র সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে।

মতবিনিময় সভায় তৃণমূল নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আইনমন্ত্রী আসাদুজ্জামান, দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় নেতারা।