রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও কারিগরি পদে চাকরি পেতে হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং মূল সনদপত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু বিগত সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় এমন সব নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে, যেখানে এসব প্রয়োজনীয় নথির কোনো প্রয়োজনই হয়নি। স্থানীয় সরকার বিভাগের সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে ঢাকা জেলা পরিষদসহ দেশের বিভিন্ন জেলা পরিষদে সার্ভেয়ার পদের মতো একটি গুরুত্বপূর্ণ কারিগরি পদে নিয়োগে এক অন্ধকার ও বেআইনি চিত্র উন্মোচিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও মূল সনদ ছাড়াই কেবল সুপারিশ বা প্রশংসাপত্রের জোরে চাকরি বাগিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে।
২০০৬ সালে সংশোধিত স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকরি বিধিমালা, ১৯৯০-এর বিধান অনুযায়ী জেলা পরিষদের সার্ভেয়ার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। বিধিমালা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই ‘সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা'ধারী হতে হবে। এ ছাড়া অবতীর্ণ পরীক্ষার্থী (Appeared examinee) হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার বা আবেদন করার কোনো বৈধ সুযোগ ওই বিধিমালায় ছিল না। অথচ অনুসন্ধানী প্রতিবেদনে অন্তত ৭ জন সার্ভেয়ারের নিয়োগে এই নিয়মের চরম লঙ্ঘন ও জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী কুষ্টিয়া, ভোলা, বাগেরহাট, কিশোরগঞ্জ, পিরোজপুর ও ফরিদপুর জেলা পরিষদে এই অনিয়মের মাধ্যমে সার্ভেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা পরিষদ: মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জেলা পরিষদে সার্ভেয়ার পদে ২০১২ সালে নিয়োগ পান। অথচ বিজ্ঞাপিত পদে আবেদনের শেষ তারিখ (২৬ এপ্রিল, ২০১২) কিংবা নিয়োগ পাওয়ার সময়- কোনো সময়ই তার সরকার অনুমোদিত সার্ভে ডিপ্লোমা সার্টিফিকেট ছিল না। এমনকি মৌখিক পরীক্ষা বোর্ডেও তিনি মূল সার্টিফিকেট প্রদর্শন করতে পারেননি। তার কাছে যা ছিল, তা কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নয়, বরং কোর্স ও নামের অসঙ্গতিপূর্ণ একটি সাধারণ আমিনশিপ সার্টিফিকেট মাত্র।
ভোলা জেলা পরিষদ: ভোলা জেলা পরিষদে নিয়োগ পাওয়া মো. নাছির উদ্দিনের ক্ষেত্রে দেখা যায়, বিজ্ঞাপিত পদে আবেদনের শেষ তারিখ ছিল ২১ নভেম্বর, ২০১১। অথচ তার ডিপ্লোমা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তারও পরে, অর্থাৎ ২০১২ সালের ১৬ জানুয়ারি। নিয়মানুযায়ী অবতীর্ণ পরীক্ষার্থী হিসেবে আবেদন করার কোনো সুযোগ না থাকলেও তিনি শুধু আবেদনই করেননি, বরং মূল সার্টিফিকেট ছাড়াই চাকরি লুফে নেন।
পিরোজপুর ও ফরিদপুর জেলা পরিষদ: পিরোজপুর জেলা পরিষদে নিয়োগপ্রাপ্ত উৎপল কুমার দেউরী এবং ফরিদপুরের মো. সাইফুল ইসলামের ক্ষেত্রে অনিয়ম আরও এক ধাপ এগিয়ে ছিল। তারা নিজেরাই লিখিতভাবে স্বীকার করেছেন যে, আবেদনের শেষ তারিখের মধ্যে তাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট ছিল না। তারা ডিপ্লোমা সনদের পরিবর্তে নিছক একটি ‘প্রশংসাপত্র’ বা সাধারণ প্রত্যয়নপত্র জমা দিয়েই আবেদন করেছিলেন এবং সেই অবস্থাতেই চাকরি পেয়ে যান। মৌখিক পরীক্ষার সময়ও তারা কোনো মূল বা সাময়িক সনদ প্রদর্শন করতে পারেননি।
বাগেরহাট ও কিশোরগঞ্জ জেলা পরিষদ: বাগেরহাটের মো. ইমরান আলী ও আবদুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জের মো. আল আমিনের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। নির্ধারিত সময়ের আগে বৈধ সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এবং বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের চাকরি দেওয়া হয়।
একটি কারিগরি পদে যেখানে জমির পরিমাপ, নকশা এবং অবকাঠামোগত মূল্যায়নের মতো নিখুঁত কাজের প্রয়োজন হয়, সেখানে ডিপ্লোমা ছাড়া বা কেবল প্রশংসাপত্র সম্বল করে সার্ভেয়ার নিয়োগ দেশের পুরো প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিয়োগকারী কর্তৃপক্ষ এবং প্রভাবশালী একটি চক্রের যোগসাজশ ছাড়া এ ধরনের নিয়মবহির্ভূত কাজ হওয়া অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চাকরির বিজ্ঞাপনের শর্ত, শেষ তারিখ এবং মূল সনদ যাচাইয়ের প্রচলিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কীভাবে এই ভূয়া বা অযোগ্য প্রার্থীরা চূড়ান্ত নিয়োগ পেলেন, তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। এই পুরো নিয়োগ কেলেঙ্কারির পেছনে জড়িত স্বার্থান্বেষী কর্মকর্তা-কর্মচারী এবং সংঘবদ্ধ চক্রের প্রকৃত রূপ উন্মোচন করতে কঠোর অবস্থান নেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

