...|...|...

সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনা সদস্যসহ গ্রেফতার ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৬
Shares
ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনা সদস্যসহ গ্রেফতার ৭

ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনা সদস্যসহ গ্রেফতার ৭। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগরের হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাতজন হলেন- ফরহাদ হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান, আব্দুল আলীম, সাকিবুর জামান মেহেদী, মেহেদী হাসান সুজন ও আবু হানিফ।

এ ঘটনার বিষয়ে রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। 

তিনি বলেন, অভিযানকালে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলসহ র‍্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র‍্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

কনফারেন্সে আরো জানানো হয়, গ্রেফতাররা র‍্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার লুটের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করে আসছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।