ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালার সংস্কারকাজ শেষে রবিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হয়েছে। সংগ্রহশালাটির সংস্কারকাজ শেষে উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
উদ্বোধনের পর দেখা যায়, ডাকসু সংগ্রহশালায় ১৯২৪-২৫ সেশন থেকে শুরু করে বর্তমান ২০২৫-২৬ সেশন পর্যন্ত সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের (জিএস) নামসংবলিত নতুন অনার বোর্ড বসানো হয়েছে।
তবে সেই বোর্ডে স্থান পাননি ২০১৯-২০ সেশনের ঘোষিত বিজয়ীদের একজনও। বাদ রাখা হয়েছে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর নাম, আবার সিন্ডিকেট ঘোষিত মো. রাশেদ খাঁনের নামও সেখানে যুক্ত করা হয়নি।
ডাকসু সূত্রে জানা যায়, ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার ডাকসুর পদটি বাতিল করা হয়। একই সঙ্গে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস হিসেবে ঘোষণা দিয়েছিল সিন্ডিকেট।
নাম বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে সংস্কারকাজের দায়িত্বে থাকা ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয় সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানান, পদটি নিয়ে আইনি ও প্রশাসনিক বিতর্ক থাকায় আপাতত নামটি বাদ রাখা হয়েছে। সুরাহা হলে পরবর্তীতে তা যুক্ত করা হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সংস্কার করা এই সংগ্রহশালার উদ্বোধনকালে জুমা বলেন, ডাকসুর জরাজীর্ণ সংগ্রহশালাটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। ডাকসুর সাবেক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীদের কাছে থাকা পুরোনো ছবি, নথি, স্মারক ও ঐতিহাসিক দলিল সংগ্রহ করে এটিকে একটি সমৃদ্ধ আর্কাইভে রূপ দেওয়ার কাজ অব্যাহত থাকবে।

