ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠক করলেও ফলাফল
আশানুরূপ নয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এমনটাই জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকটি প্রায় একান্তে হয়। হোয়াইট
হাউস বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখিয়েছে।
মাচাদো ও তার সমর্থকদের আশা ছিল, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবার ভেনেজুয়েলায়
রাজনৈতিক পরিবর্তনের পক্ষে আগের ভূমিকা নেবে। অর্থাৎ, মাচাদোর নেতৃত্বাধীন রাজনৈতিক
দল ‘ভেন্তে ভেনেজুয়েলা’কে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করবে।
কিন্তু ট্রাম্প প্রশাসন বরং বর্তমান কার্যনির্বাহী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের
সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী বলে সংকেত দিয়েছে।
ট্রাম্পের মনোযোগ এখন ভেনেজুয়েলাকে কেন্দ্র করে স্থিতিশীলতা বজায় রাখা এবং তেল ও অর্থনৈতিক চুক্তি এগিয়ে নেওয়া। যার ফলে রাজনৈতিক রূপান্তরের বিষয়টি পিছনে পড়ে গেছে।

