মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ মেট্রিক টন কয়লাবাহী এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়। তবে কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফদের বরাত দিয়ে জানা যায়, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয়েছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের সাথে জাহাজটির ধাক্কা লাগে। এতে কয়লাবাহী কার্গোটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল।
এদিকে, কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেলে নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।


