বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের ২০তম ওভারে জাস্টিন গ্রিভসের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
বাংলাদেশের হয়ে টেস্টে সাত হাজার রান পূর্ণ করা প্রথম ব্যাটসম্যান মুশফিক। দেশের ব্যাটসম্যানদের মধ্যে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের। এখন পর্যন্ত ৮২ টেস্টে তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে তার রান ৫ হাজার ১৩৪।
এ ছাড়া সাকিব আল হাসান ৭১ টেস্টে ৪ হাজার ৬০৯ এবং লিটন দাস ৫৯ টেস্টে ৩ হাজার ৫৫৭ রান করেছেন।
মুশফিকের এই অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক। সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করে দেশের টেস্ট ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি স্বাক্ষর রাখলেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।


