ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা বিশ্বজুড়ে লাখো মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্ক—যেকোনো বয়সেই এই রোগ হতে পারে। তবে ডায়াবেটিসের ধরনভেদে এর কারণ, চিকিৎসা ও নিয়ন্ত্রণের পদ্ধতিতে রয়েছে পার্থক্য। বিশেষ করে টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ মনে করেন, ডায়াবেটিস একবার হলে আর কখনো সারে না। আবার কেউ মনে করেন, ওষুধ বা ইনসুলিন বন্ধ করলেই বোঝা যায় রোগটি সেরে গেছে। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসের স্থায়ী সমাধান এখনো এক নয়। টাইপ ১ ডায়াবেটিসের নিশ্চিত নিরাময় নেই। অন্যদিকে টাইপ ২ ডায়াবেটিস কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য রেমিশন বা উপসর্গ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের এমন অবস্থায় যেতে পারে, যখন নিয়মিত ওষুধের প্রয়োজন হয় না। তবে রেমিশন মানেই রোগটি পুরোপুরি নির্মূল হয়ে যাওয়া নয়।
টাইপ ১ ডায়াবেটিস কী?
টাইপ ১ ডায়াবেটিস মূলত একটি অটোইমিউন রোগ। এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। ফলে শরীরে ইনসুলিন উৎপাদন খুব কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়।
ইনসুলিন এমন একটি হরমোন, যা রক্তের গ্লুকোজকে শরীরের কোষে পৌঁছে শক্তি উৎপাদনে সাহায্য করে। ইনসুলিনের অভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। সাধারণত শিশু ও তরুণদের মধ্যে এই ডায়াবেটিস বেশি শনাক্ত হলেও যেকোনো বয়সেই এটি হতে পারে।
টাইপ ১ ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় দ্রুত প্রকাশ পায়। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, ক্লান্তি, ঝাপসা দেখা এবং অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এ ধরনের রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত ইনসুলিন নিতে হয়।
টাইপ ১ ডায়াবেটিস কি পুরোপুরি সারে?
বর্তমানে টাইপ ১ ডায়াবেটিসের স্থায়ী নিরাময় নেই। ইনসুলিন গ্রহণের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং জটিলতা প্রতিরোধ করাই চিকিৎসার প্রধান লক্ষ্য। ইনসুলিন পাম্প ও আধুনিক গ্লুকোজ পর্যবেক্ষণ প্রযুক্তি রোগ নিয়ন্ত্রণকে সহজ করতে পারে। তবে এসব পদ্ধতি রোগ নির্মূল করে না।
কিছু ক্ষেত্রে অগ্ন্যাশয় বা ইনসুলিন উৎপাদনকারী আইলেট কোষ প্রতিস্থাপনের মাধ্যমে ইনসুলিন উৎপাদনের সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে এগুলোও নিশ্চিত স্থায়ী নিরাময় নয়। প্রতিস্থাপনের পর রোগ প্রতিরোধক্ষমতা দমনের ওষুধ গ্রহণের প্রয়োজন হতে পারে।
টাইপ ২ ডায়াবেটিস কী?
ডায়াবেটিসের সবচেয়ে প্রচলিত ধরন হলো টাইপ ২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের ৯৫ শতাংশের বেশি এই ধরনের রোগে ভুগছেন।
টাইপ ২ ডায়াবেটিসে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে না। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। প্রথম দিকে অগ্ন্যাশয় অতিরিক্ত ইনসুলিন তৈরি করে এই ঘাটতি পূরণের চেষ্টা করে। কিন্তু সময়ের সাথে সাথে অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির সক্ষমতা কমে যেতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।
অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বয়স এবং বংশগত কারণ টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তবে শুধু অতিরিক্ত ওজনের মানুষেরই এ রোগ হয়, এমন নয়।
টাইপ ২ ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। কারও ক্ষেত্রে বছরের পর বছর উল্লেখযোগ্য কোনো উপসর্গ দেখা নাও দিতে পারে। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ক্ষত শুকাতে দেরি হওয়া, ক্লান্তি ও ঝাপসা দেখা এর সাধারণ লক্ষণ।
টাইপ ২ ডায়াবেটিস কি একেবারে সেরে যায়?
টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে আশার বিষয় হলো, কিছু রোগী দীর্ঘ সময়ের জন্য রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে পারেন। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় ‘ডায়াবেটিস রেমিশন’।
বিশেষজ্ঞদের আন্তর্জাতিক ঐকমত্য অনুযায়ী, ডায়াবেটিসের ওষুধ গ্রহণ বন্ধ করার পর অন্তত তিন মাস ধরে এইচবিএ১সি (HbA1c) ৬ দশমিক ৫ শতাংশের নিচে থাকলে তাকে টাইপ ২ ডায়াবেটিসের রেমিশন হিসেবে বিবেচনা করা হয়।
সাধারণত উল্লেখযোগ্য ওজন কমানো, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে কিছু মানুষের ক্ষেত্রে এই অবস্থায় পৌঁছানো সম্ভব। কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে মেটাবলিক বা ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমেও রেমিশন অর্জন করা যায়।
তবে রেমিশন মানেই ডায়াবেটিস চিরতরে বিদায় নিয়েছে, এমন নয়। আবার ওজন বেড়ে গেলে, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে অনিয়ম হলে কিংবা শরীরের ইনসুলিন তৈরির সক্ষমতা আরও কমে গেলে রক্তে শর্করার মাত্রা পুনরায় বেড়ে যেতে পারে। তাই রেমিশনে যাওয়ার পরও নিয়মিত রক্ত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত চোখ, কিডনি, হৃদ্যন্ত্র ও স্নায়ুর স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। কারণ দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে এসব অঙ্গের ক্ষতি হতে পারে।
ওষুধ বা ইনসুলিন বন্ধ করা কি নিরাপদ?
রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে গেলেই নিজের সিদ্ধান্তে ওষুধ বা ইনসুলিন বন্ধ করা উচিত নয়। বিশেষ করে টাইপ ১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধ করা প্রাণঘাতী জটিলতা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ঝুঁকি তৈরি করতে পারে।
টাইপ ২ ডায়াবেটিসে কারও রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ওষুধের মাত্রা কমাতে বা বন্ধ করতে পারেন। তবে এর জন্য নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।
সব মিলিয়ে, টাইপ ১ ও টাইপ ২—কোনো ধরনের ডায়াবেটিসেরই বর্তমানে নিশ্চিত স্থায়ী নিরাময় নেই। তবে টাইপ ২ ডায়াবেটিসে কিছু মানুষের ক্ষেত্রে রেমিশন সম্ভব। সঠিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে দুই ধরনের ডায়াবেটিসেই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

