...|...|...

খুলনা

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৫
Shares
ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

ঝিনাইদহে গণপিটুনিতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। ছবি: টাইমস টুডে

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট)  রাত আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও গরুর মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভেঙে বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে গরু পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।