...|...|...

সংবাদ

ঝালকাঠিতে ঘোড়দৌড় অনুষ্ঠিত

ঝালকাঠিতে ঘোড়দৌড় অনুষ্ঠিত

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৪১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬, রাত ১০:৩১
Shares
ঝালকাঠিতে ঘোড়দৌড় অনুষ্ঠিত


ঝালকাঠির নলছিটি উপজেলায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার নাচলমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয় গোবিন্দপুর এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে আসা মোট ৭টি ঘোড়া অংশ নেয়।  গ্রামবাংলার প্রাচীন এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শুক্রবার ছুটির দিনে প্রতিযোগিতা দেখতে গোবিন্দপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু মাঠে সমবেত হন।  মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ও পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।  প্রতিটি দৌড় শেষে দর্শকদের করতালি ও উল্লাস ছিল চোখে পড়ার মতো।


আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।  ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।  প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।